চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) সকালে মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ নামের একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের তিন থেকে চারটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে শিবগঞ্জ থেকে দুটি এবং নাচোল থেকে একটি ইউনিট যোগ দিলে মোট ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ জানান, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ডাম্পিংয়ের কাজ চালানো হচ্ছে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরো তিনটি ইউনিট যোগ দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।



