আট বছর পর ওসমানীতে নামল বিদেশী এয়ারলাইন্সের ফ্লাইট

সালামএয়ার জানিয়েছে, শুরুতে মাস্কাট–সিলেট রুটে সপ্তাহে তিন দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী মাসে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচ দিন এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে সপ্তাহের সাত দিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet

দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বিদেশী এয়ারলাইন্সের নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করেছে। ওমানের সালামএয়ারের মাস্কাট–সিলেট ফ্লাইট অবতরণের মধ্য দিয়ে বিদেশী এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটের দীর্ঘ বিরতির অবসান হলো।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৫৫ মিনিটে ১৩৩ জন যাত্রী নিয়ে সালামএয়ারের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টা ২৩ মিনিটে ২২৪ জন যাত্রী নিয়ে একই উড়োজাহাজ মাস্কাটের উদ্দেশে সিলেট ত্যাগ করে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক ও পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদেশী এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পুনরায় চালু উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে সালামএয়ার।

এতে ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, বাংলাদেশে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদী এবং সিলেট বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালামএয়ারের সিলেট এরিয়া ম্যানেজার সেলিম আল রাজী।

Osmani-Airport--1-9===1

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশী এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার ইতিহাস অবশ্য নতুন নয়। ২০১৫ সালের ১ এপ্রিল প্রথম বিদেশী এয়ারলাইন্স হিসেবে দুবাইভিত্তিক ফ্লাইদুবাই সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে। তবে ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি সিলেট রুটে ফ্লাইট বন্ধ করে দেয়।

এরপর দীর্ঘ আট বছর বিদেশী কোনো এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেনি। সালামএয়ারের ফ্লাইট চালুর মধ্য দিয়ে সেই শূন্যতা কাটল।

সালামএয়ার জানিয়েছে, শুরুতে মাস্কাট–সিলেট রুটে সপ্তাহে তিন দিন সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। আগামী মাসে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচ দিন এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে সপ্তাহের সাত দিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সালামএয়ারের পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এয়ার আরাবিয়া ও ফ্লাইদুবাইসহ আরও কয়েকটি বিদেশী এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে পারে। এতে সিলেটের সাথে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যের সরাসরি আকাশ যোগাযোগ সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।