কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছুরিকাঘাতে জাকির হোসেন (৩০) নামে এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল এলাকার মাগুরা ভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন ওই গ্রামের শিবলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পরে চাতল এলাকার মাগুরা ভিটা বিলে টর্চলাইটের আলোয় প্রাচীন পদ্ধতিতে মাছ শিকারে বের হন জাকির হোসেন। কয়েক ঘণ্টা পর তার এক নিকটাত্মীয় বাড়ির পেছনে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তার বুকের মধ্যে একটি ছুরি বিদ্ধ অবস্থায় ছিল। পরে তার ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জাকির হোসেনের নিকটাত্মীয়দের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তবে ওই বিরোধের সাথে হত্যার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তারা নিশ্চিত নন।
জাকির হোসেনের বোনজামাই হান্নান মিয়া বলেন, ‘বাড়ির পেছনে রক্তাক্ত অবস্থায় জাকির হোসেনের লাশ পড়ে থাকতে দেখে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন।’
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ছুরি বিদ্ধ একটি লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’



