ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় চালক-হেলপারসহ নিহত ৫

সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের মুহুরীগঞ্জ ও মহিপাল এলাকায় এই পৃথক দুর্ঘটনা ঘটে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
দুর্ঘটনাকবলিত গাড়ি
দুর্ঘটনাকবলিত গাড়ি |নয়া দিগন্ত

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন চালক, এক হেলপারসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের মুহুরীগঞ্জ ও মহিপাল এলাকায় এই পৃথক দুর্ঘটনা ঘটে।

ফাজিলপুর হাইওয়ে পুলিশের এস আই আবু নোমান জানান, সকাল ৭টার দিকে জেলার ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান অপর একটি লং ভেহিক্যালের পেছনে বেঁধে সরিয়ে নিতে চেষ্টা করছিলেন চালক ও হেলপার। এ সময় চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস এসে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চালক- হেলপারসহ ৪জন গুরুতর আহত হন।তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এর মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত লং ভেহিক্যাল চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকেল ৩টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন চট্টগ্রামের বোট বাজার মইজ্জারটেক এলাকার মৃত সফর আলীর ছেলে কাভার্ডভ্যান চালক আব্দুর রহিম (৫০) ও কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকার সফি মিয়ার ছেলে বাসচালক আবুল হোসেন (৬২) ও ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গোসাইলডাঙ্গা গ্রামের খাইবার মন্ডলের ছেলে ইউনিক গাড়ির হেলপার শামীম (৫৫)। নিহত লং ভেহিক্যাল চালকের বাড়ি ছাগলনাইয়ার জয়পুরে বলে জানা গেলেও বিকাল তিনটায় রিপোর্ট লেখা পর্যন্ত তার নাম জানা যায়নি।

এদিকে সকাল ৮টার দিকে মহাসড়কের মহিপাল এলাকায় একটি বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তাবারক আলী ফটিক (৫৬) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নন্দীপুর এলাকার আবদুল হাকিমের ছেলে বলে মহিপাল হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘পাতা পরিবহনের’ একটি বাস মহিপাল ফ্লাইওভারের উত্তর পাশে যাত্রা বিরতি দেন। এসময় বাসের কয়েকজন যাত্রী বাইরে নেমে আসেন। একপর্যায়ে বাসটির পেছনে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। তখন সামনের সড়কে থাকা যাত্রী ফটিককে বাসটি চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: রোকনুজ্জামান নয়া দিগন্তকে জানান, পৃথক দুই সড়ক দুর্ঘটনায় হতাহত আটজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে চারজনকে মৃত ঘোষণা করে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপর চারজনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা-চট্টগ্রামে পাঠানো হয়েছে। অজ্ঞাতপরিচয় নামা একজন চিকিৎসাধীন আছে।

মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুল ইসলাম নয়া দিগন্তকে জানান, দুর্ঘটনা কবলিত চারটি গাড়ি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।