চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স কর্তৃক উপজেলায় কর্মরত সাংবাদিকদের লিগ্যাল নোটিশ প্রদান ও মামলার হুমকির প্রতিবাদে চার দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে প্রেসক্লাবের অনির্ধারিত এক জরুরি বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করেন সভাপতি খালেকুজ্জামান শামীম।
কর্মসূচির মধ্যে রয়েছে— আগামি শুক্রবার (১২ জুন) হাজীগঞ্জ মধ্য বাজারে মানববন্ধন, রোববার (১৪ জুন) জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান, সোমবার (১৫ জুন) হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং মঙ্গলবার (১৬ জুন) হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল।
এর আগে, গত বুধবার (৩ জুন) প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এনায়েত মজুমদার, অর্থ সম্পাদক ও ডেইলি অবজারভারের প্রতিনিধি মোহাম্মদ হাবীব উল্যাহ, স্থানীয় অনলাইন পোর্টাল আরকেনিউজ৭১ ও নিউজ ডাকাতিয়ার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান ও মামলার হুমকি দেয় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বাড়ানো লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির নেতৃত্বে বর্তমান সরকার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ৫ মে প্রয়োজনীয় কাগজপত্র নিরিক্ষার আলোকে হাজীগঞ্জ বাজারস্থ বড় মসজিদের উত্তর পাশে থাকা হারিয়ে যাওয়া খালটির বর্তমান অবস্থান নির্ধারণে সরেজমিন পরিদর্শনে আসেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানসহ উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর ভূমি অফিস ও হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করে খালটির বিষয়ে খোঁজখবর নেন।
উক্ত পরিদর্শনের বিষয়টি সংবাদমাধ্যমে (প্রিন্ট ও অনলাইন) প্রচার ও প্রকাশ করায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতওয়াল্লী কর্তৃক হাজীগঞ্জে কর্মরত সংবাদকর্মীদের লিগ্যাল নোটিশ প্রদান ও মামলার হুমকি দেয়া হয়।
এতে করে সাংবাদিকরা মনে করেন, স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ ও সাংবাদিকদের কণ্ঠ রূদ্ধ করার অপচেষ্টা করছে মসজিদ কমপ্লেক্স কর্তৃপক্ষ।



