সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জনে।
রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন ।
স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত চার রোগীর মধ্যে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন রয়েছেন।
এর মধ্যে সিলেটে ২৬ জন, সুনামগঞ্জে ২৩, হবিগঞ্জে ৬২ এবং মৌলভীবাজারে ১২ জন। এছাড়া বিভাগের বাইরের আরো তিনজন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও চলতি বছরে ডেঙ্গুতে বিভাগে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ারও আহ্বান জানানো হয়েছে।



