প্রধানমন্ত্রীর কার্যালয়ের সার্বিক সহযোগিতায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পরও কুষ্টিয়ার দৌলতপুরের বুক ও পেট জোড়া লাগা তিন মাস বয়সী দুই জমজ শিশু মোছাম্মৎ জয়নব ও মোছাম্মৎ উম্মে কুলসুমের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
কুষ্টিয়ার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের দোকান কর্মচারী মো: নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির ঘরে গত ৪ মে জন্ম নেয় এই দুই শিশু। আর্থিক অনটনের কারণে তাদের চিকিৎসা বন্ধ হয়ে গেলে গত ৩০ জুলাই দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়টি নজর কাড়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। তিনি তাৎক্ষণিক স্বাস্থ্য মন্ত্রণালয়কে জোড়া লাগা শিশুদের সব চিকিৎসার ব্যয়ভার বহনের নির্দেশনা দেন। গত রোববার স্বাস্থ্যমন্ত্রী ফোন করে পরিবারটিকে ঢাকায় আনার ব্যবস্থা করেন ও সোমবার তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভর্তির পর চিকিৎসকরা শিশুদের আলাদা করার লক্ষ্যে বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন। তবে আজ বুধবার বিকেলে শিশু দুটি মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশুদের বাবা নাহিদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসার সব দায়িত্ব নিয়েছিল ও চিকিৎসকরাও চেষ্টা করেছিল। আমরা আশা নিয়ে ঢাকায় এসেছিলাম। কিন্তু আল্লাহ আমার দুই সন্তানকে তুলে নিলেন। এখন আমরা তাদের লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি।’
সন্ধ্যার পর শিশু দুটির নিথর দেহ নিয়ে ঢাকা থেকে দৌলতপুরের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন স্বজনরা।



