কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে ধানক্ষেত থেকে রুবেল হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়নের উত্তর ব্যাপারীহাট নিলুরখামার কাশিরবিটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রুবেল হোসেন সন্তোষপুর ইউনিয়নের উত্তর ব্যাপারীহাট নিলুরখামার কাশিরবিটা এলাকার ভোলা মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রুবেল হোসেন শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বাড়ি থেকে মাছ ধরতে বের হয়। এরপর রাত পেরিয়ে ভোর, সময় গড়িয়ে সকাল হলেও বাসায় ফেরেনি সে। বেলা ১১টার দিকে একজন কৃষক জমিতে সার দিতে গিয়ে দেখেন, জমির মধ্যে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির পাশে রুবেলের লাশ পড়ে আছে। লাশের মুখ, শরীর ঝলসানো। স্থানীয়দের ধারণা, রাতে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।
পরে খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে লাশ উদ্ধার পর্যন্ত অজানা কারণে ঘটনাস্থলে যায়নি পরিবারের লোকজন।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের কেউ এখনো থানায় যোগাযোগ করেনি।



