সালথায় নুরুল ইসলাম হত্যা : স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

২০১৯ সালের ১৭ মার্চ রাতে মুন্নি বেগম হরলিক্সের সাথে নুরুল ইসলামকে ঘুমের ওষুধ খাওয়ান। গভীর রাতে ওষুধের প্রভাবে অচেতন হয়ে পড়লে মাহাবুবের পরামর্শ ও সহায়তায় তাকে ঘরের পেছনে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালত
ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালত |নয়া দিগন্ত

ফরিদপুরের সালথায় স্বামী নুরুল ইসলাম হত্যা মামলায় চতুর্থ স্ত্রী মুন্নি বেগম ও তার পরকীয়া প্রেমিক মাহাবুব মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা ও দায়রা জজ বিশেষ পারিবারিক আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মুন্নি বেগম আদালতে উপস্থিত থাকলেও তার পরকীয়া প্রেমিক মাহাবুব মোল্যা পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, সালথা বাজারের মুদি ব্যবসায়ী নুরুল ইসলামের চতুর্থ স্ত্রী মুন্নি বেগম পাশের বাড়ির চাচাতো দেবর মাহাবুব মোল্যার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি মাহাবুবের সাথে পালিয়ে যান। পরে সম্পর্ক ছিন্ন করার শর্তে বাড়িতে ফিরে এলে নুরুল ইসলাম তাকে আবারো গ্রহণ করেন।

২০১৯ সালের ১৭ মার্চ রাতে মুন্নি বেগম হরলিক্সের সাথে নুরুল ইসলামকে ঘুমের ওষুধ খাওয়ান। গভীর রাতে ওষুধের প্রভাবে অচেতন হয়ে পড়লে মাহাবুবের পরামর্শ ও সহায়তায় তাকে ঘরের পেছনে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

পরদিন নিহতের বাবা মান্নান মোল্যা সালথা থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্তে নেমে মুন্নি ও মাহাবুবের একটি যুগল ছবি উদ্ধার করে। এর সূত্র ধরে মুন্নি বেগমকে আটক করা হয়। তদন্তের একপর্যায়ে তিনি স্বামী হত্যার কথা স্বীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে বৃহস্পতিবার আদালত মুন্নি বেগম ও মাহাবুব মোল্যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রায় ঘোষণার পর মুন্নি বেগমকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে পলাতক আসামি মাহাবুব মোল্যার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান বিকু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।