নাটোর সদর উপজেলায় ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দু’জন নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দত্তপাড়া এলাকার রিভু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন— ভ্যানচালক তমিজুদ্দিন (৪২)। তিনি নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের অর্জুনপুর গ্রামের মাজম আলীর ছেলে এবং যাত্রী আসাদুল একই ইউনিয়নের দিয়ার সাতুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যান। এ সময় ভ্যানে থাকা অপর এক যাত্রী আসাদুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক শেখ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ট্রাকটি শনাক্ত করে চালক ও হেলপারকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



