চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ কেটে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে।
প্রকাশ্যে বেড়িবাঁধ কেটে নির্মাণের কাজ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, চেয়ারম্যান বাজারের পশ্চিম ও দক্ষিণ পাশ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের একটি অংশ কেটে নির্মাণের কাজ চালানো হচ্ছে।
স্থানীয় ইব্রাহিম ও জুয়েল ওরফে ভাঙারি জুয়েল ওই স্থানে বহুতল ভবন নির্মাণ করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের নির্মিত গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ কেটে ভবন নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। এতে ভবিষ্যতে বেড়িবাঁধের স্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, বর্ষা ও জলোচ্ছ্বাসের সময় বেড়িবাঁধ দুর্বল হয়ে ধসে পড়তে পারে। এতে আশপাশের বসতবাড়ি, বাজার ও জনপদ ঝুঁকির মুখে পড়তে পারে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ভোলা-২-এর নির্বাহী প্রকৌশলী আসাফউদ্দৌলা বলেন, ‘বিষয়টি শুনেছি। দ্রুত আইনগত পদক্ষেপ নেয়া হবে।’
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, ‘বেড়িবাঁধ কেটে ভবন নির্মাণের সত্যতা পেয়েছি। আমি ব্যবস্থা নেয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি।’



