জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে হলে স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। একটি দেশের গণতন্ত্র বিকাশে স্বাধীন গণমাধ্যম অনবদ্য ভূমিকা রাখে। আমাদের উচিত স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করা। সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর। দেশে গণতন্ত্র সুসংহত ও উন্নয়নে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য।’
বৃহস্পতিবার (৪ জুন) ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেসক্লাব নির্মাণে অর্থসহ জায়গার বন্দোবস্তো করে দেন। ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাব সুবর্ণজয়ন্তীর পথপরিক্রমায় রয়েছে। আগামীতে নাটোর প্রেসক্লাবের অবস্থান আরো সুসংহত হবে। আমরা সবসময় গণমাধ্যমকর্মীদের বিপদে-আপদে তাদের সাথে থাকতে চাই, তাদের আর্থিক অবস্থানকে সুসংহত করতে চাই।’
নাটোর প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি মো: শহীদুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাভিশন প্রতিনিধি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এনসিপি’র জেলা যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন, ডেইলি অবজারভারের প্রতিনিধি এস এম সেদরুল হুদা ডেভিড, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো: আজিজুল হক টুকু, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও রনেন রায়, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার যোসেফ ও স্থানীয় ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।
এ সময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: আজহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুলু নাটোরের সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সময়ে তাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন।



