রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের রৌমারীতে আগুনে পুড়ে গেছে কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (১২ জুন) ভোর ৫টার দিকে উপজেলা সদরের শাপলা চত্বর (ভোলা মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে সালমান মেডিক্যাল হল, আকবর হোসেনের মুদি দোকান, রুহুল আমিনের দোকান, আব্দুর রউফের ব্যবসা প্রতিষ্ঠান, ফজলুল হকের দোকান, আনিসের দোকান এবং নাহিদ কম্পিউটার সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ব্যবহৃত পানিতে ব্রাদার্স ফার্মেসির কয়েক লাখ টাকার ওষুধ নষ্ট হয়ে যায়। রাজা মিয়ার ওষুধের দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় দোকানদার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মেডিক্যাল হল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোরবেলা হওয়ায় অধিকাংশ দোকান তালাবদ্ধ ছিল এবং দোকানঘরে কোনো লোকজন না থাকায় আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফলে ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেয়ার কোনো সুযোগ পাননি।
খবর পেয়ে কত্তিমারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কত্তিমারী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাদা জানান, আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথেই জনবল ও অগ্নিনির্বাপক গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে রৌমারী হাটবাজার এলাকায় পর্যাপ্ত পানির উৎস ও গভীর নলকূপের ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।
সালমান মেডিক্যাল হলের মালিক আব্বাস জানান, তার প্রায় ৪০ হাত দীর্ঘ দোকানঘরে কোটি টাকারও বেশি মূল্যের ওষুধ ও মালামাল মজুত ছিল। যেহেতু তার দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তাই দোকানের ভেতর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। মুহূর্তের মধ্যেই সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।



