মুরাদনগরে মাদক সেবনের দায়ে ১২ মাদকসেবীর কারাদণ্ড

রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আজ বুধবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়।

Location :

Cumilla
দণ্ডপ্রাপ্ত মাদকসেবীরা
দণ্ডপ্রাপ্ত মাদকসেবীরা |নয়া দিগন্ত

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আজ বুধবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়।

আটক মাদকসেবীরা হলেন, বাখরনগর গ্রামের মনির মিয়ার ছেলে এমরান (২৩), কোম্পানীগঞ্জ নগরপাড় এলাকার জসিম উদ্দিনের ছেলে সবুজ (২৮), ধামঘর গ্রামের জজ মিয়ার ছেলে শাকিল (২০), ধনীরামপুর গ্রামের মিলন বর্মনের ছেলে রোদ্র বর্মন (১৮), কিছমত রহিমপুর গ্রামের চন্দন রবি দাশের ছেলে রনক রবি দাশ (১৮), দৌলতপুর গ্রামের কবিরের ছেলে মো: হৃদয় (১৮), দেবিদ্বার থানার রসুলপুর গ্রামের সুলতানের ছেলে মো: দেলোয়ার (১৮), উপজেলা সদরের জেলেপাড়ার অপু চন্দ্র বর্মনের ছেলে দুর্জয় চন্দ্র বর্মন (১৮), উপজেলা সদরের রামধনীমোড়ার মো: জামালের ছেলে মো: কামাল (২২), রহিমপুর গ্রামের তরু মিয়ার ছেলে মো: সেলিম (২৩), উপজেলা সদরের উত্তর পাড়ার খোরশেদ আলমের ছেলে মো: হাকিম (২৮) ও রহিমপুর গ্রামের ধনু মিয়ার ছেলে মো: কামরুল (৩০)।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব হাসান খাঁনের নেতৃত্বে মুরাদনগর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ১২ জনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের মাদক নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব হাসান খাঁন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাকিব হাসান খাঁন বলেন, ‘মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করে মাদক নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, কারাদণ্ড প্রাপ্ত আসামিদেরকে বুধবার দুপুরে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।