৫ সেপ্টেম্বরের লংমার্চ উপলক্ষে চট্টগ্রামের লালদিঘী ময়দানে সমাবেশের স্থান পরিদর্শন করেছে ১১ দলের নেতারা।
সমাবেশের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি যাচাইয়ের লক্ষ্যে তারা এ পরিদর্শন আয়োজন করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম শহরের ঐতিহাসিক লালদিঘী মাঠে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশের প্রস্তুতি পরিদর্শন করেন তারা।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে মাঠ পরিদর্শনকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগর আহ্বায়ক মীর শোয়ায়েব, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, এনসিপির মহানগর যুগ্ম আহ্বায়ক ও নির্বাহী সদস্য সৈয়দ এহছানুল হক, যুগ্ম আহ্বায়ক মো: বদিউল আলম ও মোস্তফা রাশেদ আজগর, নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, বাকলিয়া থানা আমির সুলতান আহমদ এবং জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ ফিরদাউস প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ জনগণের ন্যায্য দাবি আদায়ের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। দীর্ঘদিন ধরে দেশের জনগণ নানা সঙ্কটের মধ্য দিয়ে জীবন যাপন করছে। বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সঙ্কট, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নসহ জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এসব ন্যায্য দাবিতে ৫ সেপ্টেম্বরের লংমার্চে সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।
মহানগর জামায়াত আমির বলেন, লংমার্চ শেষে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানের সমাবেশ সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনগণের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে এ কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
এসময় মুহাম্মদ নজরুল ইসলাম কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা তৈরি না করে শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করার কোনো সুযোগ নেই। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।



