ফেনীর পরশুরাম উপজেলায় বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও বন্যার পূর্বপ্রস্তুতি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী ক্যাম্পেইনে তিন হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়।
জানা যায়, সকাল ১০টা থেকে পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আটটি বুথে আটজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে ব্লাড টেস্ট ও চোখের পরীক্ষা করেন। এ সময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
সকাল ১০টায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া। বেলা ১১টায় বন্যার পূর্বপ্রস্তুতি সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মোহাম্মদ ইমতিয়াজ আহম্মেদ ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে দুপুর ১২টায় ৫০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘ফেনী সীমান্তের প্রতিটি মানুষের পাশে বিজিবি রয়েছে। ২০২৪-এর ভয়াবহ বন্যা ও ২৫-এর আকস্মিক বন্যা থেকে আমরা শিক্ষা নিয়েছি। বন্যার পূর্বপ্রস্তুতি নেয়া অনেক গুরুত্বপূর্ণ। আমরা বিজিবির ফেনী ব্যাটলিয়ন বন্যার পূর্বপ্রস্তুতি নিয়ে আলোচনা সভা আয়োজন করেছি, যাতে মানুষদের আমরা জাগ্রত করতে পারি।’
তিনি আরো বলেন, ‘সীমান্ত এলাকায় যারা রয়েছে তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা থেকে বঞ্চিত, এজন্য আমরা তাদের জন্য বিনামূল্যে চিকিৎসার আয়োজন করেছি। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন। সীমান্তবর্তী মানুষরা এ চিকিৎসা পেয়ে খুব উচ্ছ্বসিত।’



