পটুয়াখালীর গলাচিপায় ডোবা থেকে মাঈনুল খান (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ জুন) দিবাগত রাত দেড়টার সময় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাশঁবাড়িয়া চৌরাস্তার পাশে ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাঈনুল খান বাশঁবাড়িয়া গ্রামের মনির খানের ছেলে। মনির খানের দুই ছেলে আর এক কন্যা রয়েছে। মাঈনুল খান ছোট ছেলে। সে স্থানীয় দ্বিনীয় মাদরাসায় পড়াশোনা করত।
পুলিশ সূত্র ও মঈনুলের বাবা মনির খান জানায়, সোমবার সন্ধ্যায় বাড়ির কাছে বাশঁবাড়িয়া চৌরাস্তার মাদরাসায় মাহফিল শুনতে বাড়ি থেকে বের হয় মঈনুল। রাতে বাড়িতে না ফিরলে ওই রাতেই খোজাঁখুজি করে রাস্তার পাশে ডোবায় তার লাশ পাওয়া যায়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমতিয়াজ আহম্মেদ জানান, শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি, আইনি প্রক্রিয়া চলমান। গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।



