নরসিংদীর শিবপুরে অব্যবস্থাপনা, নিয়মিত ডাক্তার-নার্স না থাকা, অপারেশন থিয়েটারে (ওটি) ডাক্তার না থাকা এবং লাইসেন্স না থাকার কারণে শিবপুর গ্রামীণ হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালত সিলগালা করে দিয়েছেন। এ সময় ১৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত হাসপাতালটি সিলগালা করে এবং জরিমানা আরোপ করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আবদুর রহিম। অভিযানে নরসিংদী জেলা সিভিল সার্জন বুলবুল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোনতাসমিন বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
শিবপুর গ্রামীণ হাসপাতালের মালিক মাহবুব বলেন, ‘আমাদের কিছু ত্রুটি ছিল। আমাদের হাসপাতাল সিলগালা ও জরিমানা করা হয়েছে। আমরা দ্রুত আমাদের ঘাটতিগুলো পূরণ করে পুনরায় হাসপাতাল চালু করার জন্য আবেদন করব।’
উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মোনতাসমিন বিল্লাহ বলেন, ‘হাসপাতালটিকে আগেও অনিয়মের কারণে সতর্ক করা হয়েছিল। তারা সংশোধন হয়নি। তাদের মধ্যে ব্যাপক অনিয়ম রয়েছে। আজ (মঙ্গলবার) ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে পরিদর্শন করে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে। এরই প্রেক্ষিতে হাসপাতালটি সিলগালা ও জরিমানা করা হয়েছে।’
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুর রহিম বলেন, ‘গ্রামীণ হাসপাতালের বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় হাসপাতাল সিলগালা ও জরিমানা করা হয়েছে।’



