জনগণের কল্যাণে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ : ডা: তাহের

‘সুশাসন, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা: তাহের, (ডানে) সড়কের শুভ উদ্বোধন
বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা: তাহের, (ডানে) সড়কের শুভ উদ্বোধন |নয়া দিগন্ত

‎জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।’

‎রোববার (২১ জুন) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার শাহ ফখর উদ্দিন সড়কের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত পৃথক তিনটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎‎মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার, চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার ও সন্ধ্যায় আলকরা ইউনিয়নের কুলাসার দাখিল মাদরাসা মাঠে পৃথকভাবে এ পথসভা অনুষ্ঠিত হয়।

‎ডা: তাহের বলেন, ‘একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনমানের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে।’

‎তিনি আরো বলেন, ‘সুশাসন, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

এলাকার মাদক ও কিশোর গ্যাং সম্পর্কে ‎ডা: তাহের বলেন, ‘চৌদ্দগ্রামকে সুন্দর ও উন্নত করে গড়ে তুলতে মাদক ও কিশোর গ্যাংদের প্রতিরোধে অভিভাবক ও যুবসমাজসহ সবাইকে সোচ্চার হতে হবে।’

‎পথসভায় বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম পৌর আমির মাওলানা ইব্রাহীম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, এলজিইডির চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী মো: মনিরুজ্জামান, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফা নুরুজ্জামান খোকন প্রমুখ।

‎পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধনের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে স্থানীয়রা মত প্রকাশ করেন।

প্রশাসনের বিভিন্ন দফতর প্রধানদের সাথে ডা: তাহেরের মতবিনিময়
এর আগে, সকালে ডা: তাহের চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের প্রধানদের সাথে মতবিনিময় করেন।

Comilla-Dr-Taher-222
প্রশাসনের বিভিন্ন দফতর প্রধানদের সাথে মতবিনিময় করছেন ডা: তাহের | নয়া দিগন্ত

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রশিদ আহমদ চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো: মনিরুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুহুল আমীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুর রহমান, বিজিবি ক্যাম্প কমান্ডারসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

এ সময় উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।