পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘পানির দূষণ বন্ধে ইটিপি জরুরি। এখন যে পর্যায় আসছে, আমরা চেষ্টা করব নতুন করে মিল কারখানার কোনো দূষিত বর্জ্যের পানি আশপাশের কৃষকের জমিতে না যায়। তার জন্য কারখানার এলাকায় টিম গঠন করতে হবে।’
তিনি বলেন, ‘এই শিল্পাঞ্চলের আশেপাশে যত প্রাণ, প্রকৃতি আছে, বিশেষ করে পানির সাথে সম্পৃক্ত প্রায় সবই বিলীনের পথে। আমি যেসব এলাকা পরিদর্শন করলাম, কারখানার আশপাশের এলাকায় দূষিত বর্জ্যে সয়লাব।’
বুধবার (২৪ জুন) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের হলরুমে পরিবেশ দূষণের ক্ষতিকর ও উত্তরণের কার্যকর পদক্ষেপ গ্রহণ বিষয়ে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘ভরাডোবা এলাকার এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলস, হ্যারী ফ্যাশন ও মুলতাজিম স্পিনিং মিলস নামে তিনটি কারখানার কারণে আশপাশের প্রায় সাড়ে ৩০০ একর জমি দূষিত বর্জ্যে অনাবাদি হয়ে পড়েছে। এতে ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার পরিবারের লোকজন।’
তিনি বলেন, ‘এদের লাগাম এখনই টেনে ধরতে হবে। তাই কারখানার দূষিত বর্জ্য নির্গত হওয়া পানির নালাগুলো আজকের মধ্যে সিলগালা করে দিতে হবে।’ যদি এর ব্যত্যয় ঘটে তাহলে ওই সব কারখানা বন্ধের হুঁশিয়ারি দেন তিনি।
জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ফিরোজ হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবদল সধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, জেলা কৃষক প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো: রুহুল আমীন, মো: শামছুদ্দিন মন্ডল, মোহাইমিনুল ইসলাম তালুকদার ও আবুল বাশারসহ স্থানীয় এক্সপেরিয়েন্স মিল ও মুলতাজিম মিলের প্রতিনিধি।



