কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৭১২, বহিষ্কার ১

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম পত্র, মানবিক বিভাগের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ব্যবসায় শিক্ষা বিভাগের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে ১ হাজার ৭১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৭১২, বহিষ্কার ১
কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ১৭১২, বহিষ্কার ১ |নয়া দিগন্ত

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম পত্র, মানবিক বিভাগের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ব্যবসায় শিক্ষা বিভাগের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে ১ হাজার ৭১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে নোয়াখালী জেলায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে অনুষ্ঠিত পরীক্ষার সময় থেকে দিনব্যাপী কুমিল্লা মহানগরে প্রচুর বৃষ্টিপাত হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি কমাতে কুমিল্লা জেলা পুলিশ, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ও কুমিল্লা সরকারি কলেজের উদ্যোগে বাস, মাইক্রোবাস ও ভ্যানসহ মোট ১১টি যানবাহনের ব্যবস্থা করা হয়।

এসব যানবাহনের মাধ্যমে নগরের চকবাজার, শাসনগাছা ও পদুয়ারবাজার বিশ্বরোডসহ বিভিন্ন এলাকা থেকে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো এবং পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

রোববার বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মোট ৫৯ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৮ হাজার ১৭ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। সে হিসাবে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৭১২ জন। অনুপস্থিতির হার ২ দশমিক ৮৭ শতাংশ।

জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো—কুমিল্লায় ৫৮৩ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২৪০ জন, চাঁদপুরে ১২৪ জন, ফেনীতে ১৪৯ জন, নোয়াখালীতে ৪৩৮ জন এবং লক্ষ্মীপুরে ১৭৮ জন।

এদিকে, অসদুপায় অবলম্বনের দায়ে নোয়াখালী জেলায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, বোর্ডের অধীন ছয় জেলার ৪৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম পত্র, মানবিক বিভাগের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ব্যবসায় শিক্ষা বিভাগের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে পরীক্ষায় অংশ নেন।

তিনি বলেন, ‘সার্বিকভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে রোববারের এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’