রাজশাহী ব্যুরো
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতা বর্তমানে নানা সংকটের মুখে রয়েছে। সাংবাদিকতা যদি তার হারানো মর্যাদা, সততা ও জনআস্থা পুনরুদ্ধার করতে না পারে, তাহলে ভবিষ্যতে দেশ আরো বড় সংকটে পড়বে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচার মোকাবিলায় ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।
শুক্রবার রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) তত্ত্বাবধানে এবং পিআইবির আয়োজনে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
ফারুক ওয়াসিফ বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে সাংবাদিকদেরও নিজেদের দক্ষতা বাড়াতে হবে। এআই ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি হলেও এর দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য প্রতিটি তথ্য নির্ভরযোগ্য উৎস থেকে যাচাই করা অপরিহার্য।
তিনি বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ সংগ্রহ করেন না; তারা সমাজের পর্যবেক্ষক, গবেষক এবং ইতিহাসের দলিল রচনার অংশীদার। তাই সত্য অনুসন্ধান, তথ্য যাচাই এবং নৈতিক সাংবাদিকতার চর্চা আরো জোরদার করতে হবে।
সাংবাদিকতার বর্তমান সঙ্কট প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে সাংবাদিকতাকে ব্যবহারের প্রবণতায় অনেক ক্ষেত্রে সত্য ও মিথ্যার সীমারেখা অস্পষ্ট হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের পাশাপাশি মূলধারার গণমাধ্যমেও কখনও কখনও ভুল তথ্য প্রকাশিত হচ্ছে। এ অবস্থায় পেশাগত নৈতিকতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব আরো বেড়েছে।
তিনি জানান, প্রায় দুই দশক ধরে নতুন নিয়োগ না হলেও নিজস্ব জনবল দিয়ে পিআইবি সারা দেশে সাংবাদিকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় ৬০টি জেলায় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে পিআইবিকে একটি একাডেমিক এক্সিলেন্স সেন্টারে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। এছাড়া বক্তব্য দেন বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং দৈনিক রাজশাহী সংবাদ-এর প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরইউজের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্ত।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন, বেতার ও অনলাইন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, ফ্যাক্ট চেকিং, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি), ছবি ও ভিডিও যাচাই, রিভার্স ইমেজ সার্চ, জিওলোকেশন, তথ্য বিশ্লেষণ এবং ভুয়া তথ্য শনাক্তকরণসহ আধুনিক সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।



