রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরপিডিএ) প্রথম চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক সামুসুজ্জামান সামু।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর ধারা ৮(১) অনুযায়ী মো: সামসুজ্জামান সামুকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে রংপুর উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
এ ব্যপারে নবনিযুক্ত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেন, ‘আমার এই নিয়োগের জন্য আমি মহান রাব্বুল আ’লামীনের কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘উন্নয়ন বঞ্চনার রংপুরকে উন্নয়নের মূল স্রোতধারায় নিতে যা যা প্রয়োজন সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা নিয়ে করতে চাই। আমি আশা করি তৃণমূলের উন্নয়নের আকাঙ্ক্ষা আমি প্রধানমন্ত্রীকে বোঝাতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।’
সামসুজ্জামান সামু বর্তমানে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে জামায়াতের প্রার্থীর কাছে হেরে যান তিনি।
তিনি বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য রংপুর মহানগরের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সামসুজ্জামান সামু ছাত্রজীবনেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সংযুক্ত হন। কারমাইকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। পরে রংপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, সভাপতি ও রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বৃহত্তর রংপুর অঞ্চলে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন।
সামসুজ্জামান সামু বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, ক্রীড়া ও পেশাজীবী সংগঠনসহ শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে জড়িত। পেশায় ব্যবসায়ী সামু ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ওআইসির শীর্ষ সম্মেলনে সেনেগাল সফর করেছিলেন।



