নাটোরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আইবিডব্লিউএফের সম্মেলন অনুষ্ঠিত

নাটোরে বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
নাটোরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আইবিডব্লিউএফের সম্মেলন অনুষ্ঠিত
নাটোরে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আইবিডব্লিউএফের সম্মেলন অনুষ্ঠিত |নয়া দিগন্ত

নাটোরে বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শহরতলির কানাইখালী এলাকায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে আইবিডব্লিউএফ নাটোর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আইবিডব্লিউএফ নাটোর জেলা শাখার সভাপতি ও রাজশাহী অঞ্চলের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মো: শহিদুল ইসলাম।

প্রধান অতিথি মো: শহিদুল ইসলাম বলেন, ‘দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ব্যবসায়ী ও উদ্যোক্তারা। শিল্প ও ব্যবসার প্রসারের মাধ্যমে যেমন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়, তেমনি দেশের উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হয়। তাই ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য একটি সুষ্ঠু, নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘ইসলামের দৃষ্টিতেও ব্যবসা একটি মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ মহান পেশা। মহান আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে করেছেন হারাম। ফলে ব্যবসায়ীদের হালাল, সততা ও আমানতদারির সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। তবেই ব্যক্তি ও সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

তিনি আরও বলেন, “ইসলামী মূল্যবোধ অনুসরণ করে ব্যবসা পরিচালনা করতে হবে। এই ব্যবসার মাধ্যমে মানুষের প্রয়োজন পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে এই ব্যবসায়ীরাই অনবদ্য ভূমিকা পালন করেন।”

তিনি আরো বলেন, ‘জনগণের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় পণ্য উৎপাদন ও বাজারজাত করতে হবে। সাধারণ মানুষ যাতে তাদের সামর্থ্য অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় ও জরুরি পণ্য ক্রয় করতে পারেন, সেদিকেও ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

প্রধান অতিথি বলেন, ‘ব্যবসায় সততা, ন্যায়পরায়ণতা ও পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। ব্যবসায় প্রতারণা, মিথ্যা ও অসাধু কর্মকাণ্ড পরিহার করে একটি আদর্শ ব্যবসায়ী সমাজ গড়ে তুলতে হবে।’

সংগঠনের জেলা সেক্রেটারি আফতাব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম রাজু, কেন্দ্রীয় এমসি সদস্য হুমায়ুন কবির পাটোয়ারী, রাজশাহী অঞ্চলের সভাপতি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, নাটোর জেলা শাখার উপদেষ্টা ড. মীর নুরুল ইসলাম ও বগুড়া অঞ্চলের সভাপতি মো: সেলিম রেজাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, চলমান ঘুণে ধরা অর্থনৈতিক সমাজকে পরিবর্তন করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কায়েম করতে হবে। ব্যবসায়ীদের প্রয়োজনীয় সকল স্বার্থ সংরক্ষণ, অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

তারা আশা প্রকাশ করে বলেন, নাটোরের ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আইবিডব্লিউএফের কার্যক্রমকে আরো শক্তিশালী ও গতিশীল করা সম্ভব হবে।

সম্মেলনে জেলার সাত উপজেলার বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।