ঢাকার আশুলিয়ায় ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে রুপবান বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনার পর থেকে অভিযুক্ত আলিয়া সরকার (৫৫) পলাতক রয়েছেন।
শনিবার ( ৬ জুন) বেলা ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নারীর।
নিহত রুপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার জয়নাল সরকারের স্ত্রী এবং অভিযুক্ত আলিয়া সরকার ওই এলাকার মরহুম সুলতান সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে রুপবান বেগমের একটি ছাগল আলিয়া সরকারে উঠানে ঘাস খেতে যায়। এসময় আলিয়া সরকার ছাগলটিকে কুপিয়ে হত্যা করে। পরে ছাগলের বিষয়ে জানতে আলিয়াকে জিজ্ঞাসা করতে যান রুপবান। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আলিয়ার হাতে থাকা ‘দা’ দিয়ে রুপবানকে কুপিয়ে তিনি পালিয়ে যান। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
এদিকে, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে বক্তব্য নিতে জামগড়া পুলিশ ফাঁড়ির এসআই আবু তালেব মুঠোফোনে জানান, ঘটনায় মামলা হয়েছে শুনেছি। এছাড়া আর কিছুই জানি না।
আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনার গুরুত্ব বিবেচনায় ঘটনার দিনই মামলা নেয়া হয়েছে। পরে গতকাল চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে শাহাবাগ থানার মাধ্যমে।
ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তবে আসামি গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তিনি।



