কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় জমি বিক্রি বাবদ ১০ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রেশন না দেয়া, জমির ফসল নষ্ট করা ও প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেছেন দুবাই প্রবাসী সোহেল মিয়া।
সোহেল মিয়া উপজেলার ভাটেরা ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০০৬ সালে ১০ লাখ টাকা দিয়ে চাচাতো ভাই ইছাক মিয়ার কাছ থেকে ৫৭ শতাংশ জমি ক্রয় করে তিনি ভোগদখল করে আসছিলেন। কিন্তু ইছাক মিয়া জমি রেজিস্ট্রেশন না দিয়ে নানা টালবাহানা করতে থাকেন। গত ৩০ জুন তিনি প্রবাসে চলে গেলে ২১ জুলাই ইছাক মিয়া ও তার ছেলেরা জোরপূর্বক ট্রাক্টর দিয়ে প্রবাসীর জমির ধানের চারা নষ্ট করে দেয়।
তিনি অভিযোগ করে বলেন, ওই সময় বাধা দিলে ইছাক মিয়া এবং তার তিন ছেলে আব্দুল আহাদ, মধু মিয়া ও আকুল মিয়া প্রবাসীর স্ত্রী তাছলিমা আক্তার রিপাকে মারধর ও শ্লীলতাহানি করে। এসময় অভিযুক্তরা ভুক্তভোগীর এক ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি জানান, এ ঘটনায় ২২ জুলাই প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী তাছলিমা আক্তার কুলাউড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার খবর পেয়ে সোহেল মিয়া দুবাই থেকে দেশে ফিরে আসতে বাধ্য হন। বর্তমানে পরিবারসহ তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
অভিযুক্ত ইছাক মিয়ার ছেলে আব্দুল আহাদ দাবি করেন, ওই জমি তাদের মালিকানাধীন। সোহেল মিয়া অন্য দাগে জমি কিনেছিলেন, যা তাদের ত্রুটির কারণে রেজিস্ট্রেশন হয়নি।
কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সাদেক আলী জানান, সরেজমিন তদন্তে কৃষি জমির ক্ষতিসাধনের প্রমাণ পাওয়া গেছে। প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



