মুন্সীগঞ্জের গজারিয়ায় ৪৩০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে মেঠো পথে গজারিয়া ‘৮৯ ফাউন্ডেশনের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গজারিয়া সরকারি মডেল পাইলট হাইস্কুল প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আবু খালেদ হাফিজুল্লাহর অর্থায়নে খাদ্যসামগ্রীগুলো অসহায় মানুষের হাতে তুলে দেন ফাউন্ডেশনের সভাপতি কামরুল আহসান রিপন।
বিতরণ করা প্রতিটি প্যাকেটে ছিল ৭ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা, ১ কেজি সয়াবিন তেল, লবণ, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও মুড়ি। নিত্যপ্রয়োজনীয় এসব খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়।
খাদ্যসামগ্রী নিতে আসা কয়েকজন মানুষ বলেন, এ সহায়তা তাদের পরিবারের জন্য বেশ উপকারী। ভবিষ্যতেও যেন এ ধরনের মানবিক সহযোগিতা অব্যাহত থাকে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ রুমি জামান, সিনিয়র সদস্য সরকার নাহিদুর রহমান জুয়েলসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সভাপতি কামরুল আহসান রিপন জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।



