পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার পূর্বধলায়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্র ও পূর্বধলা থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে শ্যামগঞ্জ-জারিয়া সড়কে কয়েকজন ব্যক্তি মিছিলের উদ্দেশে জড়ো হন। স্থানীয় গ্রাম পুলিশ বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা মোটরসাইকেলযোগে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্র ও পূর্বধলা থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করে। পরে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের গৌরীপুর থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সদস্য মারুফ হোসেন মুন্নাসহ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন বলে পুলিশ জানায়।
পুলিশের অভিযোগ, জননিরাপত্তা বিঘ্নিত করা, যানবাহন ও সম্পত্তির ক্ষতিসাধন এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশে ওই ঝটিকা মিছিলের আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তাইজুল ইসলাম পূর্বধলা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ২৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, ‘ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’



