ফেনী অফিস ও সোনাগাজী সংবাদদাতা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেছেন, আগে একদল চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও বালু লুট করত, এখন আরেক দল একই কাজ করছে। প্রত্যাশিত পরিবর্তনের বদলে শুধু ক্ষমতার হাতবদল হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার ফেনীর সোনাগাজী উপজেলা শাখা আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইন (সিএফ) ও মো. নিজাম উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সূজা উদ্দিন, যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক এবং সাংগঠনিক সম্পাদক সূজা উদ্দিন সজিব।
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অনেকে আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। এখন সরকার পরিবর্তন হয়েছে। যদি আমরা দুর্নীতি করে থাকি, তাহলে তদন্ত করে প্রমাণ দিন। কিন্তু তারা তদন্ত করবে না, কারণ আমাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ দেখাতে পারবে না।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আগে একদল মামলা বাণিজ্য করত, এখন আরেক দল করছে। আগে একদল নদী থেকে বালু তুলত, এখন আরেক দল বালুমহাল নিয়ন্ত্রণ করছে। আগে তারা চাঁদাবাজি ও দখলদারি করত, এখন অন্যরা করছে। পরিবর্তন হয়নি, শুধু হাতবদল হয়েছে। আমরা যে পরিবর্তন চেয়েছিলাম, তা এখনও আসেনি।’
বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, ‘আগে শুনতাম বিএনপির আমলে বিদ্যুৎ থাকত না। এখন গ্রামাঞ্চলেও একই সমস্যা দেখা যাচ্ছে। মন্ত্রী-এমপিদের বাসভবন ও অফিসে বিদ্যুৎ থাকলেও গ্রামের মানুষ বিদ্যুৎ সংকটে ভুগছে। আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন মাঝে মাঝে আসে। এ অবস্থা থেকে মানুষ মুক্তি চায়।’
তরুণদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে না এলে পরিবর্তন সম্ভব নয়। এনসিপি সেই পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। তাই ঘরে ঘরে গিয়ে দলের বার্তা পৌঁছে দেয়ার আহ্বান জানাই।’
এর আগে তিনি ও দলের নেতাকর্মীরা ফুলগাজীর মহিপালে ৪ আগস্ট আওয়ামী লীগের গুলিতে নিহত ইশতিয়াক আহমেদ শ্রাবণ ও আব্দুল গণি বোরহানের কবর জিয়ারত করেন।



