মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২৬) নামে পিকআপ চালক নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) ভোরে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপভ্যান চালক লোকমান মিয়া শহরতলীর লালবাগ এলাকার শাহ আলম এর ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার।
স্থানীয়রা জানায়, ময়মনসিংহ-সরিষাবাড়ি থেকে আসা শ্রীমঙ্গল হয়ে সিলেটগামী উদার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরিত দিকে যাওয়া একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসেরও সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। এসময় পিকআপ চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপভ্যানের চালককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা?: নিশাত নওয়াব মুমু জানান, ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
শ্রীমঙ্গল হাইওয়ে থানার ওসি মামুন রহমান নয়া দিগন্তকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস এবং পিকআপভ্যানকে রেকার দিয়ে থানায় আনা হচ্ছে। দুর্ঘটনার ছবি দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে বাস চালকের ভুলে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’
এদিকে পিকআপ চালকের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।



