অপহরণের আশঙ্কা পরিবারের

ঘিওরে চাকরির কথা বলে বের হয়ে ২৫ দিন ধরে নিখোঁজ যুবক

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পেঁচারকান্দা গ্রামের এক যুবক চাকরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর টানা ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
ঘিওরে চাকরির কথা বলে বের হয়ে ২৫ দিন ধরে নিখোঁজ যুবক সয়ন (২২)
ঘিওরে চাকরির কথা বলে বের হয়ে ২৫ দিন ধরে নিখোঁজ যুবক সয়ন (২২) |নয়া দিগন্ত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পেঁচারকান্দা গ্রামের এক যুবক চাকরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর টানা ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবার অপহরণের আশঙ্কা প্রকাশ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

নিখোঁজ যুবক সয়ন (২২) উপজেলার পেঁচারকান্দা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ মে রাত আনুমানিক ৯টার দিকে চাকরির কথা বলে বাড়ি থেকে বের হন সয়ন। এরপর ৯ মে একটি অজ্ঞাত নম্বর থেকে তার বাবার মোবাইল ফোনে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে সয়ন কথা বললেও পরে তার বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং সয়নের জন্মনিবন্ধনের কপি একটি অজ্ঞাত ইমো নম্বরে পাঠাতে বলা হয়।

পরিবারের সদস্যরা সরল বিশ্বাসে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেন। তবে কাগজপত্র পাঠানোর পরপরই ওই নম্বর থেকে তাদের ব্লক করা হয়। এরপর থেকে সয়নের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি।

নিখোঁজ যুবকের মা বলেন, “ঈদের আগে চাকরির আশায় বাড়ি থেকে বের হয় আমার ছেলে। এরপর আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাইনি। আমরা আশঙ্কা করছি, চাকরির প্রলোভন দেখিয়ে কোনো চক্র তাকে অপহরণ করেছে।”

ছেলের জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার গত ৩০ মে ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। একই সঙ্গে দ্রুত তদন্তের মাধ্যমে সয়নকে সুস্থ অবস্থায় উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে তারা।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুব বলেন, ‘নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। যুবককে উদ্ধারে এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’

ঘটনাটি এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে। দীর্ঘ ২৫ দিনেও সয়নের কোনো সন্ধান না মেলায় পরিবার উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।