ফেনীর সোনাগাজীতে ৪০ সেকেন্ডের টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
রোববার (১৯ জুলাই) বিকেলে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন এবং বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ আর্থিক সহায়তা হস্তান্তর করেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ টর্নেডোর আঘাতে সোনাগাজীর পরিবারগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর শুনে মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমরা দ্রুত ছুটে এসেছি। প্রতিটি পরিবারকে মন্ত্রীর পক্ষ থেকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা, সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া এবং মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম মিনার।
উল্লেখ্য, রোববার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এই টর্নেডো আঘাত হানে। মাত্র ৪০ সেকেন্ডের এই ঝড়ে চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা এবং ২০টির মতো ছোট-বড় ঘর উড়ে যায়। ২৫টি পরিবারের বৈদ্যুতিক মিটারও ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।



