ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় একটি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থীকে মোবাইলে ছবি দেখানোর কথা বলে ডেকে নেয় অভিযুক্ত কিশোর। পরে তাকে ফুসলিয়ে পাশের একটি মসজিদের ছাদে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে শিশুটি কান্নাকাটি ও চিৎকার শুরু করলে অভিযুক্ত কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার মা রোববার (৬ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানায় মামলা করেন।
পুলিশ জানায়, এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলার নম্বর-১৩, তারিখ ৬ সেপ্টেম্বর ২০২৬। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিশুটির মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় চিকিৎসাগত পরীক্ষার ব্যবস্থাও নেয়া হচ্ছে।



