ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনাগাজী উপজেলা শাখার দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে উপজেলার পৌরসভা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা সেক্রেটারি এস এম বদরুদ্দোজার সঞ্চালনায় এবং ফেনী জেলা মজলিসে শূরা সদস্য ও সোনাগাজী উপজেলা আমির মাওলানা মো: মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।
নোয়াখালী জেলা আমির বলেন, ‘স্ব স্ব ক্ষেত্রে আমরা সবাই দায়িত্বশীল। আপনারা আরেকটু বৃহত্তর পরিসরে দায়িত্বশীল। আল্লাহর কাছে জবাবদিহীতার অনুভূতি নিয়ে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সমাজের মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। সবকিছু করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ক্ষমতার দ্বারপ্রান্ত থেকে আমরা ফিরে এসেছি। এটাও একটা পরীক্ষা। ক্ষমতা আমাদের মূল লক্ষ্য নয়। জামায়াত ক্ষমতায় গেলে আমরা যা করতাম এখনো আমাদেরকে সেই কাজ অর্থাৎ মানুষের সেবা করে যেতে হবে। সেই সাথে দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে।’
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি, আদর্শিক মানোন্নয়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক মো: আবু ইউসুফ, দারসুল কোরআন পেশ করেন জেলা এইচ আরডি সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, পৌরসভা আমির মাওলানা কালিম উল্লাহ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা জিয়াউর রহমান, বেলায়েত হোসাইনসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।



