ভোলার লালমোহনে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার, গ্রীষ্মকালীন শাক-সবজি, মরিচের বীজ ও অন্যান্য উপকরণসহ গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।
বুধবার (১ জুলাই) সকালে লালমোহন উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আবু হাসনাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সিফাত বিন সাদেক।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট চার হাজার ৬০০ জন কৃষককে আমন ধানের বীজ, ডিএপি ও এমওপি সার প্রদান করা হবে। প্রত্যেক কৃষক পাবেন পাঁচ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।
এছাড়া পাঁচ হাজার ৩৯০ জন কৃষকের মাঝে প্রত্যেককে পাঁচটি করে গাছের চারা, ২৫ কেজি গোবর সার ও পাঁচটি করে খুঁটি বিতরণ করা হবে।
হাইব্রিড মরিচ চাষ সম্প্রসারণে ২৫০ জন কৃষককে ১০ গ্রাম ওজনের এক প্যাকেট মরিচের বীজ, পাঁচ কেজি ডিএপি, পাঁচ কেজি এমওপি সার ও ১০০ মিলিলিটার তরল বালাইনাশক দেয়া হবে।
অন্যদিকে গ্রীষ্মকালীন শাক-সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এক হাজার ৫০০ জন কৃষককে সাত ধরনের সাত প্যাকেট সবজির বীজ, ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার প্রদান করা হবে। এছাড়া ১০০ জন কৃষকের মাঝে পাঁচটি করে লেবুর চারা ও ২৫ কেজি জৈব বা গোবর সার বিতরণ করা হবে।
আলোচনা সভার শেষে লালমোহন পৌরসভার উদ্যোগে হেলিপ্যাডের চারপাশে নারকেলের চারাসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়। গাছের চারা রোপন উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক।
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো: আরিফ হোসেন, সহকারী প্রকৌশলী মো: কামাল উদ্দিন ও উপসহকারী প্রকৌশলী নিজাম উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।



