মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়া খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন উপজেলা কৃষকদলের সভাপতি মো: আশরাফ উদ্দিনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের আবুতোরাব–মায়ানী-মঘাদিয়া খালে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
অভিযানকালে খাল থেকে জমে থাকা প্লাস্টিক, কচুরিপানা ও বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়। এতে খালের স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসার পাশাপাশি দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা সাহেদ আহসান জানান, দীর্ঘদিন ধরে খালটি ময়লা-আবর্জনায় ভরে থাকায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল। সামান্য বৃষ্টিতেই পানি সরতে না পেরে মানুষের ঘরবাড়ি প্লাবিত হতো। খাল পরিষ্কার করার ফলে চলতি বর্ষায় জলাবদ্ধতার হাত থেকে এলাকাবাসী রক্ষা পাবে।
উপজেলা কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিন বলেন, মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় জনস্বার্থে ও জনদুর্ভোগ লাঘবে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে শুধু পরিচ্ছন্নতাই নয়, খালকে চিরতরে দখল ও দূষণমুক্ত রাখতে সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। জনগণের স্বার্থে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে।



