নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, ‘নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের সাথে সম্পৃক্ত হয়ে জনসম্পৃক্ত ইস্যুতে মানুষকে সাথে নিয়ে সেগুলো বাস্তবায়ন করা হবে।’
তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জবাসীর স্বপ্নই আমার স্বপ্ন। আমি আমার স্বপ্নের কথা বলতে চাই না। নারায়ণগঞ্জবাসীর যে প্রত্যাশা, যেরকম নারায়ণগঞ্জ তারা দেখতে চান; তাদের মতামতের ভিত্তিতে ও দিকনির্দেশনার ভিত্তিতে নারায়ণগঞ্জের পরিকল্পনা গ্রহণ করতে চাই।’
রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের সঙ্গে তিনি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান লোদী, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী বাবু এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজীব বলেন, ‘তারেক রহমানের কাছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি জেলাই তার কাছে সমান গুরুত্বপূর্ণ। তিনি নারায়ণগঞ্জের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জের প্রথম সমস্যা ড্রেনেজ ব্যবস্থা। আমাদের মাস্টারপ্ল্যান করার চিন্তা রয়েছে। যে ডিপার্টমেন্টগুলো এর সাথে সম্পৃক্ত তাদের এবং নারায়ণগঞ্জের সুশীল সমাজ, সাংবাদিক সমাজ ও জনপ্রতিনিধিদের নিয়ে আমরা কাজগুলো করতে চাই। একটি মাস্টারপ্ল্যানের মাধ্যমে আমরা সমস্যাগুলোকে চিহ্নিত করে প্রকল্প গ্রহণ করতে চাই।’



