বগুড়ায় শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এমপি।
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল থেকে দিনব্যাপী সাংগঠনিক সফরের অংশ হিসেবে বগুড়ায় অবস্থান করছেন তিনি। সফরের শুরুতে তিনি শহীদ আব্দুল মালেক (রাহি.)-এর কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি ‘শহীদ আব্দুল মালেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমপ্লেক্স’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়কালে জামায়াত আমির তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি শহীদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শহীদ পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সফরকালে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।



