সিলেট নগরীতে কিশোরের ঝুলন্ত ও যুবকের গলাকাটা লাশ

নগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাঠানগাঁও এলাকায় নিজ বসতঘর থেকে জমির আলী (৪০ নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হচ্ছে
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয়া হচ্ছে |নয়া দিগন্ত

সিলেট নগরীর দক্ষিণ সুরমার খোজারখলা থেকে আমিন আলী (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা কাশবন আবাসিক এলাকার একটি কলোনি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কিশোর আমিন আলী মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের শুকুর মিয়ার ছেলে। সে পরিবারের সাথে ওই কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।

পুলিশ জানায়, দুপুরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এর আগে, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে নগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাঠানগাঁও এলাকায় নিজ বসতঘর থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত যুবকের নাম জমির আলী (৪০)। তিনি ওই গ্রামের করম আলীর ছেলে। পুলিশের ধারণা জমির আলী ছোরা (ধারালো চাকু) দিয়ে গলাকেটে আত্মহত্যা করতে পারেন।

পরিবারের সদস্যরা দাবি করছেন, জমির আলী মানসিক বিকারগ্রস্ত ছিল। ধারণা করা হচ্ছে ছোরা দিয়ে গলা কেটে জমির আলী আত্মহত্যা করেছেন।

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, পরিবারের লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুধবার রাতে নিজ বসতঘর থেকে জমির আলীর লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।