কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ভূরুঙ্গামারী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীদের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় ঘণ্টার মধ্যে বাজারের ৮০টি কাপড়ের দোকান এবং পাশের জাকের পার্টির কার্যালয়সহ আরো ১৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভূরুঙ্গামারী ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি টুটুল মিয়া বলেন, “এখানকার অধিকাংশ ব্যবসায়ী ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। আগুনে সবকিছু হারিয়ে তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন।” তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের জন্য সরকারি সহায়তা কামনা করেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা খলিলুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, প্রাথমিক হিসাবে ৯৫টি দোকান পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে।



