চাকরি দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের সংবাদ প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তের লালমনিরহাট জেলা প্রতিনিধি আশাদুল ইসলাম সবুজকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করেছেন বাংলাদেশ রেলওয়ের কর্মচারী ও শ্রমিকলীগ নেতা নয়ন।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক আশাদুল ইসলাম সবুজ লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, আশাদুল ইসলাম সবুজ দীর্ঘদিন ধরে নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ও স্থানীয় ‘নতুন বাংলার সংবাদ’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযুক্ত নয়ন (৩৩) রেলওয়ের কর্মচারী এবং লালমনিরহাট শহরের ওয়ারলেস কলোনি এলাকার মরহুম জয়নাল আবেদীনের ছেলে ও রেলওয়ে শ্রমিকলীগ নেতা।
সম্প্রতি নয়নের বিরুদ্ধে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সাংবাদিক সবুজ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত ১০টা ১১ মিনিটে নয়ন তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সাংবাদিকের ব্যক্তিগত নম্বরে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে সাংবাদিক সবুজ নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য লালমনিরহাট সদর থানায় হাজির হয়ে জিডি (নং-২৫১) করেন।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ জানান, সাংবাদিককে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে একজন পেশাদার সাংবাদিককে সংবাদ প্রকাশের জেরে প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনায় লালমনিরহাটের কর্মরত সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা দ্রুত অভিযুক্ত রেল কর্মচারী নয়নকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



