রাজবাড়ীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ছোট ভাইয়ের বাড়ি থেকে বড় ভাইয়ের বাড়ির যাওয়ার সময় মোবারক ভুক্তভোগী নারীকে মুখ চেপে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা হলে পুলিশ মোবারককে গ্রেফতার করে।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
অভিযুক্ত মো: মোবারক শেখ
অভিযুক্ত মো: মোবারক শেখ |নয়া দিগন্ত

রাজবাড়ীতে রাস্তা থেকে ধরে নিয়ে ৫৫ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ মো: মোবারক শেখ (৫৭) নামে এক কথিত সাধুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে মোবারককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

মোবারক রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামের মরহুম ইসলাম শেখের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বড় ভাই মোবারককে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা করেন।

ভুক্তভোগীর বড় ভাই জানান, তার মানসিক প্রতিবন্ধী বোন ছোট ভাইয়ের বাড়ি থেকে তাদের বাড়িতে ফিরছিলেন। শুক্রবার সকাল ৮টার দিকে কথিত সাধু মোবারক তার বাড়ির সামনের রাস্তা থেকে বোনের মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর ভুক্তভোগী নারীকে বাড়িতে পাঠিয়ে দেয়। ভুক্তভোগী বাড়িতে এসে কান্নাকাটির এক পর্যায়ে ধর্ষণের ঘটনা জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সোহানুর রহমান জানান, মোবারক শেখ তার নিজ ঘরে নানা রকম সাধনা করে থাকে। সেই সাথে বাড়ির সামনের রাস্তা দিয়ে কোনো স্কুল ছাত্রী বা মহিলা যাওয়া আসা করলেই অশ্লীল অঙ্গভঙ্গি করে। ফলে এলাকায় তার কুখ্যাতি রয়েছে। তাছাড়া প্রতিবন্ধী নারীর ভাইয়ের করা ধর্ষণ মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শনিবার রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে।