সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ আড়াই শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মডেল মসজিদের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি তারেক মনোয়ার, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা: হারুন অর রশীদ।
কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শিক গুণাবলিতেও সমৃদ্ধ হতে হবে। একটি সুন্দর, সুশৃঙ্খল ও সমৃদ্ধ সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তারা বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য যেন ভবিষ্যতে আরো বড় অর্জনের পথ তৈরি করতে পারে সেই লক্ষে চেষ্টা চালাতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সফলতা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান, দক্ষতা, চরিত্র ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলাই হবে প্রকৃত সফলতা।
বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। আর শিক্ষার্থীদের এই কৃতিত্বকে মূল্যায়ন করা আমরা আমাদের দায়িত্ব বলে মনে করি। ইসলামী ছাত্রশিবির তোমাদের সাথে নিয়ে ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে। তোমরা যদি তোমাদের মেধার সাথে সততার সমন্বয় করতে পারো তাহলেই কেবল তোমাদের দ্বারা আগামীর বাংলাদেশকে ইনসাফপূর্ণ একটি দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।
দোয়ারাবাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফের সভাপতিত্বে ও সেক্রেটারি সালমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের অর্থসম্পাদক আব্দুর রাশিদ, দোয়ারাবাজার উপজেলা সাবেক সভাপতি জুবায়ের আহমদ ও আজিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হান্নান, সদর ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলাম, ছাতক পৌর ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কুদ্দুস, দোয়ারাবাজার উপজেলা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহাম্মদ আবেদ, সাহিত্য সম্পাদক মারুফ খন্দকারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শিক্ষার্থী হাফিজ আরিফ আহমদের কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সিলেটের দিশারী শিল্পীগোষ্ঠীর সঙ্গীত শিল্পী সদস্য তাওহিদুল ইসলাম তারেক।
এছাড়াও অনুষ্ঠানে আয়োজক কমিটির কাছে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষার্থীরা। এতে উপজেলার নয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত জিপিএ-৫ প্রাপ্তসহ প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী সংবর্ধনায় অংশগ্রহণ করে।
সম্মাননা ক্রেস্ট ও আকর্ষণীয় গিফট বক্সসহ বিভিন্ন ধরনের উপহার প্রদান ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।



