খুলনা মহানগরীর জাতিসঙ্ঘ শিশুপার্ক এলাকায় সাংবাদিকদের লক্ষ্য করে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে গুলিবর্ষণ এবং একজন সাংবাদিককে আহত করার ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।
গতকাল বুধবার রাতে খুলনা সদর থানার এসআই মো: তানজির রহমান অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে আসামি করে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৪ জুলাই দিবাগত রাতে এসআই তানজির রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে খুলনা সদর থানা এলাকায় রাত্রিকালীন মোবাইল টহল ডিউটিতে ছিলেন। রাত ১২টা ১৫ মিনিটে ওয়্যারলেস বার্তার মাধ্যমে তিনি জানতে পারেন, সদর থানাধীন জাতিসঙ্ঘ শিশুপার্কের পশ্চিম পাশে আবদুল জলিল শেখের পানের দোকানের সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারেন, রাত আনুমানিক ১২টা ৫ মিনিট থেকে ১২টা ১০ মিনিটের মধ্যে ওই চায়ের দোকানের সামনে সাংবাদিক আওয়াল শেখ, সৈয়দ হুমায়ুন কবির রানা, রকিবুল ইসলাম মতি, রফিউল ইসলাম টুটুল ও খুলনা সদর থানা বিএনপির দফতর সম্পাদক লেলিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুই ব্যক্তি সাতরাস্তার মোড়ের দিক থেকে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
অন্যদিকে গুলিবর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের আটক করে শাস্তি দেয়ার দাবি জানিয়ে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক হুরে জান্নাতকে স্মারকলিপি দেয়। স্মারকলিপি দেয়ার সময় এমইউজের সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ নির্বাহী কমিটির সদস্য ও কয়েকজন সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।



