জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে ঢাকার সাভারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বাদ আসর সাভারের প্রথম শহীদ ইয়ামিনের স্মরণে নির্মিত শহীদ ইয়ামিন চত্বর সংলগ্ন মডেল মসজিদ এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রউফ বলেন, ‘দেশের জনগণের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ তিনি দেশ ও জনগণের কল্যাণে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম, জামায়াত মনোনীত সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লাহ, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমির আজিজুর রহমান, সাভার থানার আমির আব্দুল কাদের, ধামরাই থানার আমির মাওলানা আব্দুল হালিম, জুলাই আন্দোলনের শহীদ মারুফের বাবা মো: শাহজাহান আলী প্রমুখ।
ঢাকা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার তার বক্তব্যে বলেন, ‘জাতিসঙ্ঘ জুলাই আন্দোলনে ১৪ শ’ শহীদের তালিকা করলেও বর্তমান সরকার এখনো জুলাই শহীদদের তালিকা তৈরি করতে পারেনি।’
তিনি আরো বলেন, ‘আমরা জীবন দেবো তবুও ভারতের কাছে মাথা নত করব না। ভারত আমাদের বন্ধু হলে কিভাবে তারা পাখির মতো সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে।’
শহীদ মরুফের বাবা শাহজাহান আলী বর্তমান সরকারের কাছে তার ছেলের বিচার চেয়ে বলেন, ‘যদি জুলাই আন্দোলন না হতো আপনাদের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকতো হতো। অথচ আজ সব ভুলে গেছেন।’
সমাবেশে বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি, জনগণের অধিকার, সুশাসন প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা, ঐক্য ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে জনগণের পাশে থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন সাভার পৌর সেক্রেটারি আব্দুস সালাম, সাভার থানার সেক্রেটারি শরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



