নবীনগরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আটক ৪

গায়ে ধাক্কা লাগার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আল জিদান সরকারের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Nabinagar
শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে ছুরিকাঘাত
শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে ছুরিকাঘাত |নয়া দিগন্ত গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহপাঠীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্র গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় সপ্তম শ্রেণির চার শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম আল জিদান সরকার (১২)। সে ইব্রাহিমপুর গ্রামের প্রবাসী উজ্জ্বল সরকারের ছেলে। ঘটনার পর আল জিদান সরকারের মা আয়েশা বেগম নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, গায়ে ধাক্কা লাগার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আল জিদান সরকারের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

শিশু জিদান সরকারের ওপর হামলাকারীরা একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো: সাব্বির হোসেন (১৩), আরাফাত হোসেন (১৩), রামিম (১৩) ও জিহাদ (১৩)। তাদের সকলের বাড়ি ইব্রাহিমপুর গ্রামে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই চার শিক্ষার্থীকে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় জনতার সহায়তায় আটক করা হয়। পরে তাদের প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং পরে নবীনগর থানায় সোপর্দ করা হয়।

আহত শিক্ষার্থীর মা আয়েশা বেগম বলেন, স্কুলের ভেতরে আমার ছেলের ওপর এভাবে হামলা হবে, তা কখনো কল্পনা করিনি। সে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হচ্ছে।

ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাকির হোসেন বলেন, ঘটনার সাথে সাথেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল ইসলাম বলেন, ঘটনার জড়িত থাকার অভিযোগ চারজনকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করেছে। আহত ছেলের মা আয়েশা বেগম লিখিত অভিযোগ করেছেন।