বিশ্বকাপের উত্তেজনায় মাদারীপুর জেলার শিবচরে মুখোমুখি হয় স্থানীয় ব্রাজিল সমর্থক গোষ্ঠী বনাম আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী। প্রীতি ম্যাচটি ঘিরে বিকেল থেকেই মাঠের চারপাশে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে শিবচর পৌরশহরের ঐতিহ্যবাহী হাতির বাগান মাঠে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
খেলা শুরুর বাঁশি বাজতেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ব্রাজিল সমর্থকরা এগিয়ে যায়। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতায় ফেরে আর্জেন্টিনা। ফলে বিরতিতে স্কোর দাঁড়ায় ১-১।
বিরতির পর খেলা আরো জমে ওঠে। দুই পাশের গ্যালারি থেকে চলতে থাকে ‘ব্রাজিল-ব্রাজিল’ আর ‘ভামোস আর্জেন্টিনা’ স্লোগান। দ্বিতীয়ার্ধের শেষ দিকে দুর্দান্ত এক ফিরতি-আক্রমণ থেকে জয়সূচক গোলটি আদায় করে নেয় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে প্রীতি-সম্প্রীতির নতুন বার্তা দেন।
আয়োজকরা জানান, খেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিবচর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করেন। মাঠে শৃঙ্খলা রক্ষা, অতিথি আপ্যায়ন ও দর্শক ব্যবস্থাপনায় তারা সক্রিয় ভূমিকা রাখেন।
স্থানীয়রা বলছেন, এমন প্রীতি ম্যাচ শুধু ফুটবল নয়, সম্প্রীতিরও জয়। ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মাঠে থাকলেও, মাঠের বাইরে সবাই একই গ্রামের, একই শিবচর উপজেলার বাসিন্দা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা, শিবচর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: হেমায়েত হোসেন খান, সদস্য সচিব মো: আজমল হোসেন সেলিম খান, শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ তুরাগ খান, শিবচর পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাবসহ অন্যান্য নেতাকর্মীরা।



