ফেনীর পরশুরামে বিয়েবাড়িতে স্টেজের লাইটিং করার সময় বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমন মজুমদার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা মির্জানগর মহেশপুষ্করণী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইমন পরশুরাম উপজেলার পূর্ব সাহেবনগর এলাকার শাহ আলমের ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার মহেশপুষ্করণী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানের স্টেজে লাইটিংয়ের বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সাইমন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাইমন পরশুরাম বাজারের কলেজ রোডে ‘সায়মন্ড ইভেন্ট’ নামে একটি ইভেন্ট ব্যবসা পরিচালনা করতেন।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ ময়নাতদন্তের জন্য নেয়ার উদ্যোগ নেয়া হলে স্বজন ও স্থানীয়রা এতে আপত্তি জানান। এ সময় বিপুলসংখ্যক মানুষ হাসপাতালে জড়ো হয়ে পুলিশকে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে বাধা দেন।
একপর্যায়ে পুলিশ ময়নাতদন্ত না করেই লাশ স্বজনদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয় বলে জানা গেছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আশরাফুল ইসলাম জানান, নিহত সাইমনের লাশ তার মা বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেন। আমার ঊর্ধ্বতন স্যারদের অনুমতি নিয়ে মায়ের কাছে নিহতের লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।



