সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া চার মাথায় প্রকাশ্য দিনদুপুরে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া ছুরি দিয়ে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহকে গলা কেটে হত্যা করেছেন। এ সময় সালাউদ্দিন নামের এক শিবিরকর্মী গুরুতর আহত হন।
রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টার সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথায় এ ঘটনা ঘটে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা কী ঘটেছে তদন্ত করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে সাঘাটা উপজেলা চত্বরে স্কুলটির প্রধান শিক্ষক হাবিবুল্লার সাথে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়কের মুকুলের কথা কাটাকাটি হয়।
স্থানীয় নেতাদের সমঝোতায় বিষয়টি মীমাংসা হয় এবং তখন সবাই উপজেলা চত্বর থেকে চলে যায়।
ঘটনার ১০ মিনিট পরে, বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবির কর্মী সালাউদ্দিন বোনারপাড়া টু সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় পরিকল্পিতভাবে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া ও তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, যুবদল নেতা মোনারুল ও জব্বারসহ ১০/১৩ জন ধারালো ছুরি নিয়ে শিবিরকর্মী সালাউদ্দিনের গলায় আঘাত করে এবং বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি এগিয়ে আসলে তাকে ধাওয়া করে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তার উপর ফেলে গলায় ছুরি চালায়। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ইউনিয়ন শিবির সভাপতি সাইফুল্লাহকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
এ ঘটনায় গুরুতর আহত শিবিরকর্মী সালাউদ্দিনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা জানান, ঘটনায় সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া ও তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম জড়িত ছিল বলে অভিযোগ করেছেন।
এই বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাউয়ুম জানায়, ‘আমরা ঘটনাস্থলে আছি। ঘটনাটি তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঘটনাটি কী ঘটেছে তদন্ত করে হচ্ছে বলে জানান।



