সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ২৯৪ জন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
স্বাস্থ্য অধিদফতর সিলেট
স্বাস্থ্য অধিদফতর সিলেট |সংগৃহীত

সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯১ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ২৯৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৫৬ জন, হবিগঞ্জে ৯১ জন (এর মধ্যে দুইজন রুবেলা), মৌলভীবাজারে ৯০ জন এবং সুনামগঞ্জে ৩৫১ জন শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯১ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩০ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫১ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে সাতজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে তিনজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৯৪ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৯ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৭ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুইজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন সিলেট নগরীর মুন্সিপাড়া (সোবহানীঘাট) এলাকার ১ বছর ৬ মাস বয়সী ইয়াসিন এবং অন্যজন হবিগঞ্জের লাখাই উপজেলার কবিরপুর এলাকার ৮ মাস বয়সী আনিসা। তারা দুইজনই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত হাম ও হামসদৃশ উপসর্গে মোট ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৫২ জন, সিলেটে ৪৩ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১৪ জন মারা গেছেন। মৃত ১২২ জনের মধ্যে নিশ্চিত হাম ছিল ছয়জনের, আর হাম উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৬ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের চিকিৎসার পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একইসাথে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।